• ঢাকা
  • বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ফারহান-রউফের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ ভারতের

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতে বিপক্ষে বড় ব্যবধানেই হারে পাকিস্তান। সেই ম্যাচে দুই দলের ক্রিকেটারদের মধ্যে খানিকটা রেষারেষিও দেখা যায়। মাঠে নানান অঙ্গভঙ্গি আর উদযাপনে বিতর্কের জন্ম দেন পাকিস্তানের দুই ক্রিকেটার হারিস রউফ ও সাহিবজাদা ফারহান।

মাঠে পাকিস্তানের আচরণে ক্ষুদ্ধ ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা (বিসিসিআই) এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে। ইএসপিএন জানিয়েছে, বিসিসিআই এই অভিযোগ ইমেইলের মাধ্যমে পাঠিয়েছে এবং আইসিসি ইতিমধ্যেই তা গ্রহণ করেছে।

পাকিস্তানের দুই ক্রিকেটার ফারহান এবং রউফ যদি লিখিতভাবে অভিযোগ অস্বীকার করেন, তবে আইসিসি এই বিষয়ে একটি শুনানির আয়োজন করতে পারে। শুনানির সময় তারা ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে উপস্থিত হতে পারেন। এই টুর্নামেন্টে দ্বিতীয় পর্বে রেফারি হিসেবে আছেন এন্ডি পাইক্রফ।

ভারতের বিপক্ষে ম্যাচে বাউন্ডারির কাছে ফিল্ডিং করার সময় পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকদের উদ্দেশে ‘৬-০’ ও ‘ফাইটার জেট ক্র্যাশ’ প্রদর্শন করেন। আর ফিফটির পর ব্যাট দিয়ে ‘গান-শট’এর মতো ভঙ্গি করেন ফারহান। পাকিস্তানি ক্রিকেটারের এমন উদযাপন মোটেও হজম হয়নি ভারতীয় সমর্থকদের।

অবশ্য ম্যাচ শেষে সমালোচকদের পাত্তা না দেওয়ার কথা বলেন ফারহান,


‘আমি জানি না মানুষ এটাকে কীভাবে নেবে। আমি এসব পাত্তা দেই না। এটা শুধু এক মুহূর্তের বিষয় ছিল। আমি সাধারণত অর্ধশতক করার পর কোনো সেলিব্রেশন করি না। কিন্তু সেদিন হঠাৎ মনে হলো একটা সেলিব্রেশন করি। তাই করেছি।’


ইএসপিএন জানিয়েছে অন্য এক সূত্র অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্ভবত ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে। অভিযোগের কারণ, সূর্যকুমার প্রথম রাউন্ডের ম্যাচে পাকিস্তানকে হারানোর পর, ‘পেহেলগামের সন্ত্রাসী হামলার শিকার পরিবারদের জয় উৎসর্গ করারা কথা বলেন। পিসিবি অভিযোগ করেছে যে, ভারতের অধিনায়কের মন্তব্য “রাজনৈতিক” প্রেক্ষাপটে করা হয়েছে।

টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের মধ্যে দেখায় মাঠের লড়াইয়ে অসম হলেও উত্তেজনা ছিল তুঙ্গে। বিশেষ করে পাকিস্তানের ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি ও রাউফ এবং ভারতের ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিলের মধ্যে খানিকটা উত্তেজনাপূর্ণ মুহূর্তও দেখা যায়।

এশিয়া কাপে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। বাংলাদেশকে গতকাল হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট কেটেছে সূর্যকুমার যাদবের দল। আজ অঘোষিত সেমি ফাইনালে রূপ নেওয়া পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটিতে জয় পাওয়া দল ভারতে বিপক্ষে ফাইনাল খেলবে।

আরও পড়ুন