উপজেলা প্রতিনিধি, কোম্পানৗ গঞ্জ:কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত ইউনুছ আলী এরশাদ চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম ৯নং ওয়ার্ডের বাসিন্দা রইছল হকের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাঞ্ছুরুল হক বাবর বামনী নদী ও সন্দ্বীপ চ্যানেলে মাছ ধরার প্রতিটি ট্রলার থেকে নিজাম ডাকাতের বাহিনী দিয়ে চাঁদা আদায় করেন। নিহত এরশাদের মাছ ধরার ট্রলার থাকায়
তার থেকেও ১০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। পরে পাঁচ হাজার টাকা দিলেও বাকি টাকা না দেওয়ায় নিজাম ডাকাত ও তার সন্ত্রাসীদ বাহিনী তারেক, সুজন, ওবায়েদ ও নুরনবী রিমনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ইউনুছকে ছুরিকাঘাত করে, নাড়িভুড়ি বের করে ফেলে।
ইউনুছকে বাঁচাতে তার ছোট ভাই জহির (৩৫), ফরহাদ (২৪) ও নিজাম (২৬) এগিয়ে এলে তাদের ওপরও সন্ত্রাসীরা হামলা চালায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। চট্টগ্রামে নেয়ার পথে গুরুতর আহত অবস্থায় ইউনুছ আলী এরশাদ মারা যান।
নিহতের বাবা রইছল হক বলেন, হামলায় নিজাম ডাকাতের ছেলে সন্ত্রাসী সুজন আমার ছেলে এরশাদের পেটে ছুরি দিয়ে আঘাত করে। এতে তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। অপর আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমার আরও তিন ছেলেকে জখম করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, এ বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি তদন্ত করা হচ্ছে।