হাতিয়া প্রতিনিধি : জেলার হাতিয়া উপজেলায় আগুনে পুড়ে ১৪টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আফাজিয়া বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, রাত অনুমান ১২টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে । আফাজিয়া বাজারের উত্তর পাশে একটি মুদি দোকানের গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়েছে। উপস্থিত মানুষজন চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। প্রায় তিন ঘন্টাব্যাপি চলে আগুনের এই তান্ডব। পরে হাতিয়া ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন কিছুটা নিয়ন্ত্রনে আনেন।
আফাজিয়া বাজারের ব্যবসায়ী সাখাওয়াত হোসেন জানান, আগুনে তিনটি চা দোকান, দুটি মুদি দোকান, একটি কসমেটিক্স দোকান, একটি ফার্মেসী, একটি জ্বালানি তেলের দোকান, দুটি ফার্ণিচার দোকান, দুটি সেলুন দোকান ও দুটি মুদি দোকানের গোডাউনসহ ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বাবুল স্টোরের মালিক সুজন দেবনাথ জানান, তিনি অমৃত কোম্পানীর হাতিয়ার এজেন্ট। তার দোকোনের পাশে মুদি দোকানের মালামালের গোডাউন ছিল। তাতে প্রায় কোটি টাকা মূল্যের বিড়ি, সয়াবিন তেল, সরিষার তেল ও অমৃত কোম্পানীর কনজুমার আইটেম ছিল। এসব পণ্য পুড়ে একেবারে ছাই হয়ে গেছে।
হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডর জসিম উদ্দিন জানান, বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়েছে। প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এতে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।