মোহাম্মদ হানিফ, সোনাইমুড়ী : সোনাইমুড়ীতে শহীদ আব্দুর রহমান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) আলী আকবর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল।
শহীদ আব্দুর রহমান স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি মোঃ হানিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব দিদার হোসেন, সোনাপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি এডভোকেট সেলিম শাহী, খলিলুর রহমান ডিগ্রি কলেজের সাবেক সভাপতি ফারুক হোসেন, সোনাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইউসুফ প্রমুখ।
এসময় অতিথিরা আবদুর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন, সংগ্রাম, ও নির্যাতনের মধ্য দিয়ে আজকে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশে গণতন্ত্র ফিরেছে। তবে এখনো ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিত ভাবে যুবদল নেতা আবদুর রহমানকে খুন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা অভিযানের নামে আবদুর রহমানকে নির্যাতন করে হত্যা করেছে। ভবিষ্যতে বিএনপি ও অঙ্গসংগঠনের আর কোন নেতাকে নির্যাতন করা হলে অন্যায় ভাবে হত্যা করা হলে তার কঠিন জবাব দেওয়া হবে বলেও হুশিয়ার করেন বক্তারা।
বক্তব্য শেষে নিহত আবদুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হারুন অর রশিদ তুহিনের তত্ত্বাবধায়নে আয়োজিত এই ইফতার ও দোয়া অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।