সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ায় বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত দল ‘রব বাহিনীর’ তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আটক হওয়া তিন ডাকাত হলেন—মোঃ মোস্তফা (৫০), মোঃ মিরাজ (৪৫) ও মোঃ সবুজ (৪২)। তারা সবাই হাতিয়ার টাংকির ঘাট এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ডাকাত রব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।
সোমবার (১৯ মে) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশীদ এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে হাতিয়ার টাংকির ঘাট এলাকায় দুর্ধর্ষ রব বাহিনীর একটি ডাকাত দল বিভিন্ন ব্যবসায়ী ও সাগরগামী মাছধরার নৌকার মালিকদের কাছ থেকে প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদা আদায়, জিম্মি করে ডাকাতি, জমি দখল এবং অবৈধভাবে মাছঘাট পরিচালনার মতো অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ মে (রোববার) রাত ৮টা থেকে ১৯ মে (সোমবার) ভোর ৫টা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোনের অন্তর্গত বিসিজি স্টেশন হাতিয়া এবং নৌ পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত ডাকাত আব্দুর রবের বাড়িতে তল্লাশি চালিয়ে তিনজন সক্রিয় সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়।
কোস্টগার্ড কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর হাতিয়া থানায় হস্তান্তর করা হবে। এছাড়া, পুরো চক্রটিকে নির্মূল করতে অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রব বাহিনীর অত্যাচারে দীর্ঘদিন ধরেই এলাকাবাসী ভীত-সন্ত্রস্ত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।