উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে আলাউদ্দিন (৩৭) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নির্মাণকাজে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে নাহার টাওয়ার নামের একটি নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ উল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে আলাউদ্দিন বসুরহাট বাজারের হাসপাতাল রোডের নাহার টাওয়ারের পঞ্চম তলায় অন্য শ্রমিকদের সঙ্গে গাঁথুনির কাজ করছিলেন। দুপুরের দিকে হঠাৎ ভবনের চারপাশে কোনো রকম নিরাপত্তা বেষ্টনী না থাকায় তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।
তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজীম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা জানান, ভবন নির্মাণকাজে নিরাপত্তার ঘাটতি দীর্ঘদিন ধরেই রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারির দাবি জানান তারা।