বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, নোবিপ্রবি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দিবস ২০২৫। প্রতিষ্ঠার ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ করেছে উপকূলীয় অক্সফোর্ডখ্যাত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
রোববার (২২ জুন) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে নোবিপ্রবি পরিবার। দিবসটি উপলক্ষে নোবিপ্রবি প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে।
সকাল ১০টায় নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল বেলুন-পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন। এসময় উপাচার্য সবাইকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানান। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সবার সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
উদ্বোধন শেষে নোবিপ্রবি পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আনন্দ র্যালি। উপাচার্য ড. মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. মোহাম্মদ হানিফসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবসের কেক কাটেন নোবিপ্রবি উপাচার্য।
এসময় উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল বলেন, দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে ২২ জুনকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে চূড়ান্ত করায় আমরা গর্বিত। এটি কেবল একটি দিবস নয়, এটি নোবিপ্রবির আত্মপরিচয়ের অংশ। বিশ্ববিদ্যালয় দিবস ঘিরে গতকাল ও আজ ক্যাম্পাসে থাকবে উৎসবমুখর পরিবেশ।
তিনি আরো বলেন, আগামীকাল ‘রিসার্চ ফেয়ার ও অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান অনুষ্ঠান উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এছাড়াও সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের কনসার্ট অনুষ্ঠান হবে।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আগামী ২৩ জুন অনুষ্ঠিত হবে ‘রিসার্চ ফেয়ার ও অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।