সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ায় দিনের আলোয় প্রকাশ্যে জেলেদের মাছ লুটের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে জেলেপল্লি। সোমবার সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী মাছ ঘাটে শত শত জেলে ও ব্যবসায়ীর উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রায় ত্রিশ বছরের পুরনো এ মৎস্যঘাটে প্রতিদিন হাজারো জেলে, শ্রমিক ও ব্যবসায়ী মাছ ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত। কিন্তু সম্প্রতি একটি প্রভাবশালী গ্রুপ বাজার দখলের অপচেষ্টায় খালের দক্ষিণ পাশে অবৈধভাবে নতুন ঘাট চালু করে। নিজেদের কোনো নৌকা বা ট্রলার না থাকায় তারা উত্তর ঘাটগামী দাদনকৃত নৌকা থেকে জোরপূর্বক মাছ ছিনিয়ে নিচ্ছে।
অভিযোগ করা হয়, আহসান, রহমত ও নিজামের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র নদী থেকে মাছ নিয়ে আসা জেলেদের গতিরোধ করে প্রকাশ্যে মাছ লুট করছে। এরই মধ্যে হাতিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ অভিযান চালিয়ে দুই দফায় কয়েকটি নৌকা থেকে লুটকৃত মাছ উদ্ধার করে। তবে সন্ত্রাসীরা এখনও একই কায়দায় মাছ ছিনিয়ে নেওয়া অব্যাহত রেখেছে বলে জেলেরা ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে সূর্যমুখী উত্তরপাড় মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান নান্টু, ব্যবসায়ী বোরহান উদ্দিন, মহিউদ্দিন, রাকিব উদ্দিন, খবির উদ্দিন, মো. ইসমাইল হোসেনসহ স্থানীয় জেলেরা উপস্থিত ছিলেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত লুটপাট বন্ধ না হলে এবং প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে জেলেরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।