উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : পরিবেশ রক্ষা, সামাজিক বনায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসে কোম্পানীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি, বসুরহাট শাখা।
রবিবার সকালে কোম্পানীগঞ্জ সরকারি কলেজ, বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয় ও মাকসুদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান সরদার। তিনি বলেন, “বৃক্ষরোপণ শুধু প্রকৃতিকে সুন্দর রাখে না, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধও বৃদ্ধি করে।”
বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আফতাব উদ্দিন, বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাঈদ আর রহমান ও মাকসুদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন।
এসময় পূবালী ব্যাংক বসুরহাট শাখার ব্যবস্থাপক লক্ষণ চন্দ্র দাসসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।