উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরে আন্ত -স্কুল ফুটবল প্রতিযোগিতা চলাকালে চর ক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসা বনাম বাংলাবাজার লর্ড লিওনার্ড উচ্চ বিদ্যালয়ের খেলায় স্থানীয় দর্শক ও প্রতিপক্ষের হামলায় চর ক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসার খেলোয়াড়দের ৫জন আহত হয়।
২২ আগস্ট (সোমবার) বিকালে স্থানীয় বাংলাবাজার স্কুল মাঠে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় চর ক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী নাহিদ, জীবন, হাসান মাহমুদ, সাইফুল ইসলাম ও মেজবাহ উদ্দিন নামে ৫জন খেলোয়াড় আহত হয়। এর মাঝে সাইফুল ইসলাম আরমান (৮ম শ্রেণী) ও মেজবাহউদ্দিন ফয়সাল (১০ম) এর অবস্থা গুরুতর হওয়ায় সাইফুল ইসলামকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেজবাহউদ্দিন ফয়সালকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খেলোয়াড় ও স্থানীয়দের ভাষ্যমতে খেলার প্রথমার্ধ শেষ হওয়ার পরে প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে বাকবিতন্ডার জের ধরে স্থানীয় বেকারি বাড়ীর ইলেকট্রিশিয়ান সবুজ (২৮) একটি বাঁশ নিয়ে মাদ্রাসার খেলোয়ারদের উপর হামলা করে বসে, হামলায় আরমান ও ফয়সাল গুরুতর আহত হয়। পরবর্তীতে প্রতিপক্ষের খেলোয়াড়রাও এ হামলায় জড়িয়ে পড়ে এতে বাকিরা আহত হয়। এই সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পুলিশ প্রশাসন, মাধ্যমিক সুপারভাইজার কর্মকর্তা এবংউপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন মাঠে উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাদের হস্তক্ষেপে উভয় পক্ষের মারামারি ও হামলা বন্ধ হয়।
এ বিষয়ে চর ক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইফুল্লাহ বাহার বলেন, খেলায় নিশ্চিত হার জেনে স্থানীয় প্রতিষ্ঠানের দর্শকরা আমাদের খেলোয়াড়দের উপর হামলা করে বসে এতে আমাদের অনেক খেলোয়াড় আহত হয়। আমরা এইরকম ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি এবং এই প্রতিযোগিতা থেকে ওই প্রতিষ্ঠানের প্রত্যাহার দাবি করছি।
এ বিষয়ে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন,খেলার মাঠে মারামারি বিষয়টা শুনেছি কিন্তু কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।