হুমায়ন আকাশ-নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় জায়গা দখল ও মালিকানাধীন সম্পত্তি থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক প্রবাসী।
অভিযোগ সূত্রে জানা গেছে, চাটখিল উপজেলার ০৪ নং বদলকোট ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের (হামিদ আলী দফদার বাড়ী) মৃত লুৎফর রহমানের ছেলে ইসমাইল হোসেন (৪২) তার মালিকীয় দখলীয় জমিতে থাকা গাছ কাটা ও হুমকির বিষয়ে গত ২৫ জুলাই ২০২৬ তারিখে চাটখিল থানায় এই লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে প্রবাসী ইসমাইল হোসেন উল্লেখ করেন, পার্শ্ববর্তী গাছী বাড়ীর মৃত সিরাজ মিয়ার ছেলে বেলাল হোসেন (৫৫) ও তার স্ত্রী সেতেরা বেগম (৪৫) দীর্ঘদিন ধরে তার ভোগদখলীয় সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এর ধারাবাহিকতায় গত ২৫ জুলাই ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় বিবাদীরা অবৈধভাবে তার জমিতে প্রবেশ করে প্রায় ২০,০০০/- (বিশ হাজার) টাকা মূল্যের একটি দেবদারু গাছ কেটে ফেলে ও ক্ষতিসাধন করে। ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা ঘটনায় বাধা দিলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশ-দরবার ও আপোষ মীমাংসার চেষ্টা করা হলেও বিবাদীরা তা অমান্য করে। ভুক্তভোগী ইসমাইল হোসেন জানান বাংলা টাইমস-ই কে আমি প্রবাসে থাকার সুযোগে তারা অন্যায়ভাবে আমার সম্পত্তি দখলের পাঁয়তারা করছে এবং আমাকে ও আমার পরিবারকে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। বর্তমানে সেখানে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তপূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।