হুমায়ন আকাশ,বাংলা টাইমস-ই
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের আজ অনুষ্ঠিত সভায় মোহাম্মদ ফখরুল ইসলাম (এমপি) পুনরায় কোম্পানির চেয়ারম্যান এবং জনাব ডা. মোকাদ্দেস হোসাইন পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পরিচালনা পর্ষদের সভায় তাঁদের পুনঃনির্বাচন করা হয়। তাঁদের নেতৃত্বে কোম্পানির কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও পেশাদার করার পাশাপাশি পলিসিহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়। এসময় পুনঃনির্বাচিত চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম বলেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রতি পলিসিহোল্ডার, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের আস্থা আরও সুদৃঢ় করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটিকে একটি শক্তিশালী ও স্থিতিশীল অবস্থানে নিয়ে যেতে আমরা কাজ করে যাব। তিনি বলেন পলিসিহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ, বীমা দাবির নিষ্পত্তি ত্বরান্বিত করা, কোম্পানির সম্পদের সুষ্ঠু ও কার্যকর ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে পরিপালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ভাইস চেয়ারম্যান ডা. মোকাদ্দেস হোসাইন বলেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বর্তমান বাস্তবতায় আস্থা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় পলিসিহোল্ডারদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করব। সভায় কোম্পানির সার্বিক কার্যক্রম, পলিসিহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ, সম্পদ ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পরিচালনা পর্ষদ আশা প্রকাশ করে, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পুনঃনির্বাচনের মাধ্যমে নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকবে এবং কোম্পানির চলমান উন্নয়ন ও পুনর্গঠন কার্যক্রম আরও গতিশীল হবে। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানের প্রতি পলিসিহোল্ডার, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী, নিয়ন্ত্রক সংস্থা ও অন্যান্য অংশীজনের আস্থা ও সহযোগিতাকে পুঁজি করে একটি আরও শক্তিশালী, সুশাসিত ও টেকসই প্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে।