
হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালী জেলার চাটখিলের মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত মানুষের পানির সংকট নিরসনে অনামিকা আজম ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এই নলকূপটির মাধ্যমে মোহাম্মদপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড নোয়াপাড়ার এলাকার প্রায় ৫০টি পরিবার সার্বক্ষণিক নিরাপদ পানির সুবিধা পাবে। করোনাকালীন বৈশ্বিক দুর্যোগের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে অনামিকা আজম ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্যাডাম অনামিকা আজমের সার্বিক তত্ত্বাবধান ও মূল প্রেরণায় এই মানবিক কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে।
সংগঠনটি শুরু থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, বিধবা, এতিম, অনাথ এবং দুর্ঘটনাজনিত গুরুতর রোগীদের জরুরি চিকিৎসা সহায়তাসহ নানামুখী সেবামূলক কাজ করে আসছে। পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদে প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে স্থানীয় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। টিউবওয়েল হস্তান্তরকালে স্থানীয় বাসিন্দারা অনামিকা আজম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকাবাসী জানান, এই নলকূপটি স্থাপিত হওয়ায় তাদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির কষ্ট দূর হলো। ফাউন্ডেশন সূত্রে জানানো হয়েছে, সমাজের অসচ্ছল ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং একটি স্বাবলম্বী ও সুন্দর সমাজ গঠনে ভবিষ্যতেও তাদের এই মানবিক সহায়তার ধারা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :