প্রকাশিত: 24 August, 2026
সর্বশেষ আপডেট : 24 August, 2026

নোয়াখালীতে জমি বিরোধে নিহত বৃদ্ধের জানাজায় মানুষের ঢল, শাস্তির দাবি এলাকাবাসীর

হুমায়ন আকাশ বাংলা টাইমস-ই
নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত হওয়ার ১০ দিন পর আমিন উল্যাহ হাওলাদার (৮৪) নামের এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২২ আগস্ট) রাতে নিজ বাড়িতে তার জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। এ সময় স্বজন ও এলাকাবাসী এই নৃশংস হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিহত আমিন উল্যাহ হাওলাদার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামের মৃত মজু মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট সকালে বাড়ির সামনে দখলীয় নাল জমিতে ধান রোপণকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ বাধে। এর জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আমিন উল্যাহ হাওলাদারসহ তার পরিবারের আট সদস্য গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ আগস্ট) বিকেলে তিনি মারা যান। শনিবার রাতে ১০টায় নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় নিহতের ছেলে জাকের হোসেন আক্ষেপ করে বলেন, ‘আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও প্রতিপক্ষ আমাদের ওপর হামলা চালিয়ে বাবাকে কেড়ে নিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার ও কঠোর শাস্তি চাই। জানাজায় অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা আবদুল কাদের বলেন, একজন বৃদ্ধ মানুষকে এভাবে প্রাণ হারাতে হবে, এটা খুবই দুঃখজনক। আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং যারা হামলায় জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় আহত ওই বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় উভয় পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে। ইতোমধ্যে নিহতের পরিবারের দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সব দিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর