
হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের কালিরহাট, হাসর ও মলংচর এলাকা কেন্দ্রিক ৮ নং ওয়ার্ডের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার (ইউপি সদস্য) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় জনপ্রিয় যুবদল নেতা মোহাম্মদ জামাল হোসেন। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি এলাকার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় ও ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করার লক্ষ্যেই নির্বাচনে প্রার্থী হয়েছেন বলে জানান মোহাম্মদ জামাল হোসেন। দীর্ঘদিন ধরে কালিরহাট, হাসর এবং মলংচর এলাকার তরুণ সমাজ ও সাধারণ মানুষের আস্থাভাজন এই যুবনেতা সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয়ভাবে নিজের সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন।এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, মোহাম্মদ জামাল হোসেন সবসময় বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তিনি ইউপি সদস্য নির্বাচিত হলে কালিরহাট, হাসর ও মলংচর নিয়ে গঠিত ৮ নং ওয়ার্ডের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা জোরদার এবং যুবসমাজকে মাদকমুক্ত রেখে একটি আধুনিক ও রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগ প্রসঙ্গে ইউপি সদস্য প্রার্থী মোহাম্মদ জামাল হোসেন বলেন, আমার জন্ম ও বেড়ে ওঠা এই এলাকায়। কালিরহাট, হাসর ও মলংচরের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। আমি ওয়ার্ডবাসীর সার্বিক অধিকার রক্ষা ও এলাকার টেকসই উন্নয়নে কাজ করতে চাই। আশা করি, আগামী নির্বাচনে ৮ নং ওয়ার্ডের সম্মানিত ভোটাররা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে সেবা করার সুযোগ দেবেন।
ইতিমধ্যে তিনি ইউনিয়নের কালিরহাট বাজার, মলংচর ও হাসর এলাকার বিভিন্ন দোকানপাট, বাসাবাড়ি এবং মোড়ে মোড়ে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং দোয়া ও সমর্থন কামনা করছেন। তার এই নির্বাচনী পদচারণায় এলাকার সাধারণ ভোটার ও যুবসমাজের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আপনার মতামত লিখুন :