প্রকাশিত: 20 January, 2025
সর্বশেষ আপডেট : 20 January, 2025

বেগমগঞ্জে শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে ট্রাকভর্তি উপহার দিয়ে বিদায়

সাইফুল ইসলাম, বেগমগঞ্জ : জেলার বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর রঞ্জন ঘোষকে বিরল সম্মাননা জানিয়ে বিদায় জানান বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা।

এ সময় ঘোড়ার গাড়িতে চড়িয়ে এবং ট্রাকভর্তি উপহার দিয়ে প্রিয় প্রধান শিক্ষককে বাড়ি পৌঁছে দেন তারা।

গতকাল সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলিত দায়িত্ব) মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সভাপতি স্কুলের সাবেক ছাত্র ও বিশিষ্ট ব্যবসায়ী আবরার উল্ল্যাহ।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরি চাঁন মজুমদারের সভাপতিত্বে স্কুলের সিনিয়র শিক্ষক মো. বেলাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বেল্লাল হোসেন, ঘাটলা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন সভাপতি কাজী আবুল বাসার, লক্ষীনারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফি উদ্দিন। ঘাটলা সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. হাফিজ উল্যাহ।

এডহক কমিটির অভিভাবক সদস্য পৌরণ বিবি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • বেগমগঞ্জ এর আরও খবর