
হুমায়ন আকাশ,বাংলা টাইমস-ই
আসন্ন সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ ও সাধারণ ভোটারদের মাঝে বেশ সরগরম পরিবেশ বিরাজ করছে। পৌর এলাকার সর্বস্তরের মানুষের মতামত, নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় উপস্থিতি এবং সাম্প্রতিক রাজনৈতিক পর্যালোচনায় উঠে এসেছে তরুণ ও উদীয়মান সোনাইমুড়ি পৌরসভা বিএনপি’র সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুবএর নাম। জনপ্রিয়তার দৌড়ে তিনি বর্তমানে প্রতিপক্ষ বা অন্যান্য প্রার্থীদের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।
দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং তরুণ সমাজকে ইতিবাচক কাজে উৎসাহিত করার মাধ্যমে তিনি সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের সাথে কথা বলে জানা যায়, পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী হিসেবে বিএনপি নেতা সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুবের প্রতি সাধারণ নাগরিকদের আগ্রহ সবচেয়ে বেশি। স্থানীয় এক প্রবীণ অধিবাসী বলেন আমরা একজন তরুণ, সৎ ও সুশিক্ষিত জনপ্রতিনিধি চাই, যিনি এলাকার দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলোর টেকসই সমাধান করতে পারবেন। সেদিক থেকে রেজায়ে রাব্বি মাহবুবের কার্যক্রম আমাদের আশাবাদী করছে।এদিকে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, দলে তিনি একজন সুসংগঠিত এবং জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। বিগত দিনে দলের সিদ্ধান্ত ও রাজপথের কর্মসূচিতে তার সক্রিয় ভূমিকা ছিল চোখে পড়ার মতো। তৃণমূলের নেতৃবৃন্দ মনে করেন, দল তাকে মেয়রের পদে মনোনয়ন দিলে সোনাইমুড়ী পৌরসভায় বড় ধরনের পরিবর্তনের সূচনা হবে এবং বিপুল ভোটে বিজয়ী হওয়া সম্ভব। নিজের জনপ্রিয়তার বিষয়ে সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব জানান, আমি কোনো পদ-পদবির জন্য কাজ করি না; সোনাইমুড়ী পৌরসভার উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। পৌরবাসী যদি তাদের সেবা করার সুযোগ দেন, তবে সোনাইমুড়ীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।
পৌরসভার সাধারণ মানুষের দাবি, এবারের নির্বাচনে তারা এমন একজন মেয়র চান যিনি নাগরিক সুবিধা নিশ্চিত করবেন এবং জনগণের সরাসরি সেবা পৌঁছাতে কাজ করবেন। সেই প্রত্যাশার জায়গায় এখন পর্যন্ত সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :