
হুমায়ন আকাশ বাংলা টাইমস-ই
বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা অপবাদ, অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ এবং মাদকমুক্ত-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরে এক প্রতিবাদী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ৩ নং ধানসিঁড়ি ইউনিয়নের কৃতি সন্তান ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের অন্যতম নেতা কামরুল হাসান আকাশের নেতৃত্বে এই মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতা কামরুল হাসান আকাশ বলেন, “একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ও বোটবাহিনীর সংমিশ্রণে দলের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি এবং স্বৈরাচারী আধিপত্য বিস্তারের চেষ্টা চালানো হচ্ছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, চট্টগ্রাম ছাত্রদল যেকোনো ধরনের অপপ্রচার, মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সাধারণ মানুষ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে।”
মিছিলে চট্টগ্রাম মহানগর ও স্থানীয় বিভিন্ন ইউনিটের ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীরা অপপ্রচারকারী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সোচ্চার স্লোগান দেন। সমাবেশ থেকে অনতিবিলম্বে অপপ্রচার বন্ধ ও এর সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।
আপনার মতামত লিখুন :