
হুমায়ন আকাশ বাংলা টাইমস-ই
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় স্থানীয় একটি মিলনায়তনে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দ, প্রবীণ ও নবীন সদস্যসহ যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এ সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। তারা বলেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে স্বেচ্ছাসেবক দল সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রবাসের মাটিতে অবস্থান করেও দেশের যেকোনো সংকটময় মুহূর্তে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশের সার্বিক শান্তি ও সমৃদ্ধি চেয়ে মোনাজাত করা হয়। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আগামী দিনেও প্রবাসে থেকে দলের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :