
হুমায়ন আকাশ বাংলা টাইমস-ই
নোয়াখালীর চাটখিলে সড়ক পারাপারের সময় জননী পরিবহনের বাসের ধাক্কায় আহত হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর প্রাণনাশের চরম হুমকির মুখে পড়েছেন মোহাম্মদ রুবেল পাটোয়ারী নামের এক রাজনৈতিক কর্মী। আইনগত ব্যবস্থা নেওয়ার অপরাধে অভিযুক্ত বাস মালিক-শ্রমিক পক্ষ ও তাদের অনুসারীরা তাকে প্রকাশ্যে হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোহাম্মদ রুবেল পাটোয়ারী চাটখিল পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক। স্থানীয় সূত্রে জানা যায় চাটখিলে রাস্তা পার হওয়ার সময় জননী পরিবহনের একটি বেপরোয়া বাস তাকে সজোড়ে ধাক্কা দেয়। এ ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং সুবিচারের আশায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর থেকেই পরিবহন খাতের স্থানীয় কিছু প্রভাবশালী ও তাদের সহযোগী সন্ত্রাসীরা তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। ভুক্তভোগীর দাবি— ঢাকা-চাটখিল রুটে চলাচলকারী ‘১১-৬৮৪৫’, ‘৪০৪৯’‘৩৬’ ও ‘৪০’ নম্বর গাড়িগুলোর ম্যানেজার স্থানীয় কিছু বখাটে ও ক্যাডার বাহিনী নিয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। অভিযুক্তরা হুমকি দিয়ে বলছে তাকে উঠিয়ে নিয়ে এসে আবার গাড়ির নিচে ফেলে পিষে মেরে ফেলা হবে, এতে বেশি কিছু হবে না—বড়জোর ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। অভিযোগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রুবেল পাটোয়ারী জানান থানা পুলিশ ও প্রশাসনের কাছে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ জমা দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান আইনগত সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশের এই নিষ্ক্রিয়তার সুযোগে অভিযুক্তরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম জীবন ও নিরাপত্তা ঝুঁকিতে দিন কাটাচ্ছি।
এ ঘটনায় বাস ব্যবস্থাপনার সাথে জড়িতদের বেপরোয়া হুমকি ও অপতৎপরতা বন্ধে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী।
আপনার মতামত লিখুন :