
হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর পশ্চিম অঞ্চল পাল্লা বাজারে জুয়া ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক সচেতনতামূলক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সমাজে জুয়া ও মাদকের কুফল সম্পর্কে সর্বস্তরের মানুষকে সচেতন করতে এবং তরুণ প্রজন্মকে রক্ষা করার উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, শিক্ষক ও এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, যুবসমাজকে মাদক ও জুয়ার ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে পরিবার ও সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তরুণরা আমাদের ভবিষ্যৎ; তাদের সঠিক পথে রাখা আমাদের সবার দায়িত্ব। প্রশাসন থেকে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, মাদক ও জুয়ার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। সমাজ থেকে এসব অপরাধ নির্মূল করতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।অন্যান্য স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও সমাবেশে মাদক ও জুয়ামুক্ত মোহাম্মদপুর গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।সমাবেশ শেষে এলাকার প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা জুয়া ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :