
হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর চাটখিলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সর্বস্তরের অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে চাটখিল উপজেলা ও পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলার প্রত্যন্ত ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা চাটখিল প্রধান সড়কে সমবেত হন। পরে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে দলীয় নেতা-কর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করেন। সমাবেশে বক্তব্য প্রদানকালে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান , ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। চাটখিল পৌরসভা বিএনপি’র সদস্য সচিব আহসানুল হক মাসুদ বলেন বিএনপি সব সময় জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আপোসহীন ভূমিকা পালন করে আসছে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ণ রাখতে সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান নেতৃবৃন্দ। উক্ত র্যালি ও সমাবেশে চাটখিল উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় ও তৃনমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :