
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়াকে “নদী বন্দর” হিসেবে ঘোষণা করেছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রকাশিত একটি সরকারি গেজেটে এ তথ্য জানানো হয়। ফলে হাতিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনার দ্বার খুললো বলে মনে করছেন স্থানীয়রা।
গত ৩ জুন ২০২৫ তারিখে প্রকাশিত গেজেটে জানানো হয়, চানন্দি ইউনিয়নের চানন্দি চ্যানেলের নির্দিষ্ট অংশকে ১৯০৮ সালের ‘পোর্টস অ্যাক্ট’-এর আওতায় নদী বন্দর হিসেবে চিহ্নিত করা হয়েছে। গেজেটে ২৩৩, ২৩৬ ও ২২০ নম্বর জমির দাগসহ নির্ধারিত এলাকাগুলোর কথা উল্লেখ করা হয়।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এ অঞ্চলটি নদীপথে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ এবং নৌযান চলাচলের সম্ভাবনা থাকায় একটি সংগঠিত নদী বন্দর স্থাপন করা হলো। এর ফলে পণ্য খালাস, পরিবহন ও যাত্রী চলাচলের কার্যক্রম এখন থেকে সরকারি ব্যবস্থাপনায় আরও সুষ্ঠুভাবে পরিচালিত হবে।
এই ঘোষণাকে কেন্দ্র করে রোববার রাতে ওছখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন স্থানীয় নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবের উদ্যোগে আয়োজিত মিছিল শেষে ওছখালী বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব, ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আরেফিন আলী, আবদুর রব রাশেদ, মোহাম্মদ শাহেদ উদ্দিন, আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তানভীর উদ্দিন রাজিব বলেন, “নদী বন্দর ঘোষণাটি সরকারের একটি সময়োপযোগী ও বাস্তবমুখী পদক্ষেপ। এটি হাতিয়ার যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটন খাতে যুগান্তকারী প্রভাব ফেলবে।
আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, দ্বীপ সরকারি কলেজের সাবেক জিএস জাকের হোসেন পারভেজ, মাষ্টার জাহেদুল ইসলাম, প্রভাষক মহিব্বুর রহমান, ছাত্রদল নেতা শামছুল আরিফ রুস্তম প্রমুখ।
আপনার মতামত লিখুন :