প্রকাশিত: 21 June, 2025
সর্বশেষ আপডেট : 21 June, 2025

টর্নেডোতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : জেলার সুবর্ণচর উপজেলায় দুইদিন আগে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সুবর্ণচর উপজেলা প্রশাসন।

উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে টর্নেডোর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার সায়মা।

শনিবার (২১ জুন) বেলা ১২টায় ক্ষতিগ্রস্তদের হাতে নগদ অর্থের চেক, টিন এবং শুকনো খাবার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) । গত বৃহস্পতিবার(১৯ জুন) উপজেলার হাবিবিয়া এলাকায় আকস্মিক টর্নেডোয় ৬-৭টি বসতঘর ধসে পড়ে এবং বড় বড় গাছপালা উপড়ে গিয়ে ঘরবাড়ির উপর পড়ায় এসব পরিবার চরম দুর্দশায় পড়ে।বিষয়টি নিয়ে ‘দৈনিক নোয়াখালীর কথা’ পত্রিকায় নিউজ চাপা হলে প্রশাসনের দৃষ্টি গোচর হয়।

সহায়তা প্রদানকালে ইউএনও বলেন, “সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবো।”

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রশাসনের এই সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, এই সহায়তা তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।

এসময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, সমাজসেবক আব্দুল মালেক এবং দৈনিক আমাদের সময় প্রতিনিধি সাংবাদিক আরিফুর রহমানসহ উপজেলার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন