
উপজেলা প্রতিনিধি,হাতিয়া : হাতিয়ায় গ্রাম চৌকিদারকে লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিকদল নেতার বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার হরনী ইউনিয়নের দিদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত চৌকিদার মো. এরশাদ হোসেনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ইউনিয়নের ইসলামপুর গ্রামের রুহুল আমিনের ছেলে এবং ৬নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত গ্রাম চৌকিদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের জায়গায় ঘাস কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় শ্রমিকদল নেতা আনোয়ার হোসেন ও তার সহযোগীরা এরশাদ হোসেনের উপর হামলা চালায়। তারা লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তার বাম হাত ভেঙে দেয়। এসময় চৌকিদারের ভাই জাফর হোসেন ছুটে এলে তাকেও মারধর করে হামলাকারীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে হাতিয়া হাসপাতালে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহত গ্রাম চৌকিদার এরশাদ হোসেন সাংবাদিকদের বলেন,মসজিদের জায়গায় ঘাস কাটছিলাম। আনোয়ার হোসেন এসে লাঠি দিয়ে পিটাতে থাকে। হাত ভেঙে গেছে। ভাইকেও ওরা মেরেছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি, তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
তবে অভিযুক্ত শ্রমিকদল নেতা আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন “গ্রাম চৌকিদারের সাথে মসজিদের জায়গা নিয়ে সমাজের লোকজনের তর্ক হয়েছে। আমি সেখানে ছিলাম না, এ ঘটনার সাথে জড়িতও না।”
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন“হরনী ইউনিয়ন নিয়ে আমাদের আগে থেকেই উদ্বেগ রয়েছে। এর আগেও ইউনিয়ন সচিবের উপর হামলা হয়েছে। আজকের ঘটনাটি শুনেছি। আহত ব্যক্তি চিকিৎসা শেষ করে আনুষ্ঠানিক অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :