প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৩
সর্বশেষ আপডেট : ৮ আগস্ট, ২০২৩

৮ ঘণ্টার পর নোয়াখালীর সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি, সদর : রেললাইনের ওপর গাছ পড়ে প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর নোয়াখালীর সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। স্থানীয়দের সহায়তায় রেললাইনের ওপর থেকে গাছ সরানোর পর মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সকাল ৬টার দিকে জেলা শহরের মাইজদী স্টেশনের প্ল্যাটফর্মে একটি গাছ রেললাইনের ওপর পড়লে নোয়াখালীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ট্রেন চলাচল বন্ধ থাকায় সকাল ৬টায় উপকূল এক্সপ্রেস ঢাকায় যাওয়ার কথা থাকলেও তা দুপুর ২টায় নোয়াখালী স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

মাইজদী রেলস্টেশনের মাস্টার ফখরুল ইসলাম বলেন, ‌‘দুপুর ২টার দিকে নোয়াখালীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

তিনি বলেন, ‘মাইজদী স্টেশনের প্ল্যাটফর্মের পাশে একটি গাছ রেললাইনের ওপর উপড়ে পড়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। সকালে নোয়াখালী থেকে উপকূল এক্সপ্রেস ঢাকায় এবং নোায়াখালী এক্সপ্রেস কুমিল্লা থেকে নোয়াখালীতে যেতে পারেনি। রেললাইন স্বাভাবিক হওয়ার পর ট্রেনগুলো গন্তব্যে গেছে।’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাইজদী স্টেশনের ফ্ল্যাটফর্মের পাশের একটি গাছ উপড়ে ফ্ল্যাটফর্মসহ রেললাইনের ওপর পড়ে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকালে ফায়ার সার্ভিসের লোকজন এসে দীর্ঘ সময় চেষ্টা করে গাছ অপসারণ করতে ব্যর্থ হন। পরে শ্রমিক ভাড়া করে গাছ কেটে গুঁড়ি করে অপসারণ করা হয়।

আরও পড়ুন