
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : উপজেলা হাতিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের দুই কর্মীকে চোর সন্দেহে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এতে লোকমান হোসেন (৩৫) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। এসময় অপর কর্মী মোস্তাফিজুর রহমান (২৮) জীবিত উদ্ধার হলেও গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত একজনকে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের চর হেয়ার গ্রামের আসাদনগরে স্থানীয় ভাঙারি ব্যবসায়ী দুলালের দোকানে।
নিহত লোকমান হোসেন শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। আহত মোস্তাফিজুর রহমান শেরপুরের শ্রীবরদী উপজেলার পূর্ব জিনিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা আমির আল কাউসার জানান, “বিদ্যুৎ অফিসের দুই কর্মী সরঞ্জাম নিয়ে আসাদনগরে গেলে তাদের চোর সন্দেহে আটক করে মারধর করা হয়। এতে লোকমানের মৃত্যু হয়। আমরা দাবি জানাই, ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, তবে যেন নিরপরাধ কেউ হয়রানির শিকার না হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, নিহত লোকমান ও মোস্তাফিজ বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষে প্রায় ১৬০ কেজি অব্যবহৃত মালামাল বিক্রির জন্য স্থানীয় ভাঙারি দোকানে যান। এসময় স্থানীয় ইলেকট্রিশিয়ান তারেক আজিজ (৩৫)সহ কয়েকজন তাদের চোর সন্দেহে বেঁধে রাখেন।
একপর্যায়ে তারেক লোহার দণ্ড দিয়ে লোকমানকে আঘাত করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই লোকমান মারা যান।
তিনি আরও জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত তারেক আজিজকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিক্রির জন্য নেওয়া ১৬০ কেজি মালামাল।
আপনার মতামত লিখুন :