
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা ও পৌরসভা মহিলা দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় হাতিয়া দ্বীপ সরকারি কলেজের হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আশিক ইকবালের সঞ্চালনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন রনি, পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফুল্লাহিল নিশান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান বাবর, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক যুবরাজ আজাদ প্রমুখ।
এছাড়া উপজেলা মহিলা দলের নেত্রী রেশমা বেগম, রহেনা বেগম, পৌরসভা মহিলা দলের নেত্রী সালমা আক্তার ও মজিনা বেগমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান শামীম বলেন আগামী নির্বাচনে জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে সফল করতে প্রত্যেক ঘরে ঘরে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। বিশেষ করে মহিলা দলের নেত্রীবৃন্দকে মা-বোনদের কাছে গিয়ে নারী সমাজকে সংগঠিত করতে হবে। বিএনপির আন্দোলন কেবল দলের জন্য নয়, এটি দেশের গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রাম।
সভায় স্থানীয় সাংগঠনিক কার্যক্রম, আগামীর আন্দোলন কৌশল এবং জনগণের সাথে সম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে জনগণের পাশে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, হাতিয়ার বিএনপি আগামীর আন্দোলনে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করবে। তারা বিশ্বাস করেন, ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিয়ে হাতিয়ার মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে উঠবে।
আপনার মতামত লিখুন :