প্রকাশিত: 10 December, 2024
সর্বশেষ আপডেট : 10 December, 2024

একটি পক্ষ চাচ্ছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে : ড. মোশাররফ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, একটি মহল চেষ্টা করছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না। অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনি রোডম্যাপ দিতে হবে। নির্বাচন যত বিলম্ব হবে ততো বাংলাদেশে নানা ষড়যন্ত্র হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা নগরীর ফান টাউনে কুমিল্লা বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন এই সরকারকে দিয়ে দেশের সম্পূর্ণ সংস্কার সম্ভব নয়। রাষ্ট্রের পূর্ণাঙ্গ সরকারের জন্য একটি দলীয় সরকার প্রয়োজন। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া সারা বাংলাদেশের দাবি।

কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কুমিল্লা বিভাগীয় এই কর্মশালায় অংশ নেন শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিনসহ কুমিল্লা ছয়টি জেলা বিএনপি, মহানগর ও পৌরসভার শীর্ষ নেতৃবৃন্দ।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির মিডিয়া ছেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার বানু, সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন প্রমুখ।

 

আরও পড়ুন