প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ জানুয়ারি, ২০২৫

হাতিয়ায় নেশাজাতীয় দ্রব্য খাইয়ে স্বর্ণালংকার লুট

ছায়েদ আহামেদ, হাতিয়া : জেলার হাতিয়া উপজেলার তমরোদ্দি ফাঁড়ি থানা সংলগ্ন দুই হিন্দু বাড়িতে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার দু’টি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও প্রতিবেশীদের থেকে জানা যায়, ওইদিন দুপুরে দুইজন অপরিচিত নারী বোরকা পরিহিত অবস্থায় বিপ্লব বণিক ও তার স্ত্রী পিংকি রাণী বণিকের বাড়িতে ঢুকে। এ সময় তারা বাড়ির মহিলাদের সাথে কথা বলাবস্থায় হঠাৎ পানি খাওয়ার জন্য বলে। পরে টিউবওয়েল থেকে পানি পান করে পাকঘরের পাশ হয়ে চলে যায়। এরপর টিউবওয়েল থেকে পানি এনে দুপুরের খাওয়ার শেষে ঘুমিয়ে পড়ে এ দম্পত্তি। সন্ধ্যায় ঝিমানো ভাব না কাটায় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা নেয়। পরে বাড়িতে এসে বিশ্রাম নিতেই ভোর হয়ে। আশপাশ থেকে আওয়াজ উঠার পর তারা উঠে দেখে আলমারিসহ সবকিছু এলোমেলো।

ভুক্তভোগী পিংকি রাণী বণিক জানান, সোমবার দুপুরে তারা খাবার খাওয়ার পর তার স্বামী বিপ্লব বনিক অসুস্থ হয়ে পড়েন। তখন সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়ে আসেন। রাতে আমরা গভীর ঘুমে মগ্ন হয়ে পড়ি। সকালে দেখি আলমারি খোলা। কোনো মালামাল নাই, সব নিয়ে গেছে। সে জানায়, অপরিচিত ঐ দুই নারী সম্ভবত টিউবওয়েলে নেশাজাতীয় কিছু দিয়ে গেছে। যার ফলে আমাদের এই সর্বনাশ হলো।

তিনি আরো জানান, রাতে যখন তারা সবাই ঘুমিয়ে পড়েন তখন রান্নাঘরের জানালা ভেঙ্গে চোর ভিতরে ঢুকে এবং মাঝখানের লোহার দরজা ভেঙে তারা মূল ঘরের ভিতর প্রবেশ করে। পরে আলমারি ভেঙে নিজেদের ছয় ভরি স্বর্ণ এবং বন্দকী ২৬ ভরি স্বর্ণসহ মোট ৩২ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়।

এদিকে একই রাতে পাশের বাড়ির তমরদ্দি বাজারের স্বর্ণ ব্যবসায়ী সহদেব সাহা জানান, বাজার থেকে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আলমারি ভাঙ্গা। পরে দেখি নগদ ১০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে। তিনি ধারণা করে বলেন, সম্ভবত খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে লুটেরার দল এ ঘটনা ঘটিয়েছে। ফলে এতবড় ঘটনার পরও রাতে আমরা একটুও টের পাইনি।

এবিষয়ে মঙ্গলবার দুপুরে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল দেখে আসি এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।

আরও পড়ুন