
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ ; “মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো শাহজাদপুর প্রিমিয়ার লীগ (এস.পি.এল)-২০২৫-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মরহুম শাখাওয়াত হোসেন চৌধুরীর স্মরণে আয়োজিত এস.পি.এল-এর দশম আসর এবারও ছিল দর্শকদের উচ্ছ্বাসে ভরপুর। কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, শেখ মাসুদ প্যালেসে আয়োজিত ফাইনাল ম্যাচ উপভোগ করতে জড়ো হন হাজারো ক্রীড়ামোদী দর্শক। আয়োজকদের মতে, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে তারা প্রতি বছর এই টুর্নামেন্ট আয়োজন করে থাকেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয়
নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার। এছাড়াও, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, প্রবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। এবারের আসরের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে প্রবাস থেকে সার্বিক তত্ত্বাবধান করেছেন ক্যাপ্টেন শেখ মাসুদ। প্রধান অতিথি বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, “এ ধরনের টুর্নামেন্ট শুধু ক্রীড়ার বিকাশই নয়, তরুণদের সুস্থ বিনোদন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” আয়োজক কমিটির এক প্রতিনিধি বলেন, “আমাদের লক্ষ্য, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করা
এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলা। ভবিষ্যতেও আমরা এই আয়োজন আরও বড় পরিসরে করতে চাই।” জমকালো আয়োজন, উত্তেজনাপূর্ণ খেলা এবং দর্শকদের বিপুল উচ্ছ্বাসের মধ্য দিয়ে সফলভাবে শেষ হলো শাহজাদপুর প্রিমিয়ার লীগ-২০২৫। আয়োজকরা জানিয়েছেন, আগামী বছর আরও বৃহৎ পরিসরে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আপনার মতামত লিখুন :