
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের মৌলভীবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবু তাহেরের ছেলে নুর মোহাম্মদ আরিফ (২১) ও শাহাজানের ছেলে শাখাওয়াত হোসেন আকাশ (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই প্রবাসীর স্ত্রীকে হয়রানি ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিল। গত সোমবার রাতে ভুক্তভোগী নিজ কক্ষে শরীরে এলার্জির ওষুধ লাগানোর সময়, অভিযুক্তরা ঘরের চালের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণ করে। পরদিন সকালে সেই ভিডিও দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তারা।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে অভিযোগ করলে, তার পরামর্শে শনিবার রাতে কোম্পানীগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আরিফ ও আকাশকে গ্রেপ্তার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
আপনার মতামত লিখুন :