প্রকাশিত: 8 April, 2025
সর্বশেষ আপডেট : 8 April, 2025

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কোম্পানীগঞ্জে তাওহিদী জনতার বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ করেছে সর্বস্তরের তাওহিদী জনতা।

মঙ্গলবার (৭ এপ্রিল) যোহরের নামাজের পর বসুরহাট পৌরসভার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে রূপালী চত্বর, হাইস্কুল রোড, সিনেমা হল রোড হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

তাওহিদী জনতার ব্যানারে আয়োজিত এ বিক্ষোভে সংহতি প্রকাশ করে মুসলিম ইউথ নোয়াখালী, হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে “ফিলিস্তিনের পাশে দাঁড়াও”, “ইসরায়েলি হামলা বন্ধ কর”, “জিহাদ করে বাঁচতে চাই” ইত্যাদি স্লোগানে রাজপথ মুখরিত করেন। মুহূর্তেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো কোম্পানীগঞ্জ।

সমাবেশে বক্তারা ইসরায়েলের দখলদারিত্ব, আগ্রাসন ও মানবতাবিরোধী গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এ গণহত্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে, ইসরায়েলি পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণ ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুন