
হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : সুবর্ণচরের ৫নং জুবিলী ইউনিয়নের ২নং ওয়ার্ডে পুকুরের পানিতে ডুবে আলিফ (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ মে) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ ওই এলাকার ইসমাইল মিস্ত্রি বাড়ির ইউসুফ নবীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় সবার অগোচরে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় চরজব্বার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিম বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেছি। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি দুর্ঘটনা। আমরা পরিবারটির পাশে আছি।”
৫নং জুবিলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খলিল বলেন, “এ ধরনের ঘটনা আমাদের সবাইকে সতর্ক করে দেয়। শিশুদের প্রতি আরও নজরদারি বাড়ানো উচিত।”
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা খোঁজ-খবর নিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ”
শিশুটির মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :