প্রকাশিত: ১৩ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ মে, ২০২৫

সৌদিতে ফুড ডেলিভারির পথে কোম্পানীগঞ্জের যুবকের মর্মান্তিক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : সৌদি আরবের জেদ্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার এক প্রবাসী যুবক। নিহত যুবকের নাম ইমরান হোসেন (২৫)।

তিনি উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের মিয়াজান ফরাজী বাড়ির বাসিন্দা ও নুর নবীর একমাত্র ছেলে। নিহত ইমরানের বাবা নুর নবী পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার জেদ্দার একটি এলাকায় ফুড ডেলিভারির কাজ করতে গিয়ে একটি ট্রাকের চাপায় মারাত্মক আহত হন ইমরান। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ‘হাংগার স্টেশন’ নামের একটি প্রতিষ্ঠানে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত ছিলেন।

ইমরানের বাবা নুর নবী বলেন, “সংসারের হাল ধরতে এবং একটি সুন্দর ভবিষ্যতের আশায় গত বছর ছেলেকে সৌদি পাঠিয়েছিলাম। আজ সে লাশ হয়ে ফিরছে। সরকারের কাছে আকুল আবেদন, আমার ছেলের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।”

ইমরানের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, ইমরান ছিলেন শান্ত, ভদ্র ও পরিশ্রমী একজন তরুণ। তার এ অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন