
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : “ফুলের মত ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো—জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়বো।” এই প্রত্যয়কে সামনে রেখে শনিবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার ফুলতলি এলাকায় দারুল কোরআন জামালিয়া মডেল মাদ্রাসার প্রাঙ্গনে মৌলভী জামাল উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন দারুল কোরআন জামালিয়া মডেল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান। সভাপতিত্ব করেন মাদ্রাসার সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ মোঃ শামছুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভী জামাল উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মাওলানা শরফুদ্দীন তামজিদ। তিনি বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। আজ যারা বৃত্তিপ্রাপ্ত, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের উৎসাহ ও প্রেরণার জন্যই আমাদের এই আয়োজন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর শরফাতিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন দারুল কোরআন জামালিয়া মডেল মাদ্রাসার সেক্রেটারি নূরুল আমিন আলাউদ্দিন, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, সহকারী শিক্ষকবৃন্দ এবং মুক্তিযুদ্ধা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে বৃত্তি ও সনদ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, এই সম্মাননা তাদের জন্য গর্বের এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও আয়োজকদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং মৌলভী জামাল উদ্দিন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে ফটোসেশন, মিষ্টি বিতরণ এবং মিলাদ ও দোয়ার মাধ্যমে দিনের আয়োজন শেষ হয়।
আপনার মতামত লিখুন :