প্রকাশিত: 26 May, 2025
সর্বশেষ আপডেট : 26 May, 2025

মেঘনায় জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজির বিশাল কোরাল মাছ

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়া উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার সময় আশ্রাফ মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বিশালাকৃতির একটি কোরাল মাছ।

রবিবার (২৫ মে) বিকেলে উপজেলার চর বগুলা মাছ ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।

প্রতিদিনের মতোই সকালে মাছ ধরতে নদীতে যান জেলে আশ্রাফ মাঝি। মাছ ধরার সময় জাল তোলার একপর্যায়ে বিশাল আকৃতির কোরাল মাছটি দেখতে পান তিনি। পরে মাছটি ট্রলারে করে তীরে নিয়ে আসলে ঘাটে ভিড় করেন উৎসুক জনতা।

পরে স্থানীয় চরবগুলা ঘাটের মনির মেম্বারের গদিতে মাছটি নিলামে তোলা হয়। এক ব্যবসায়ী মাছটির প্রতি কেজি ১ হাজার ৬০ টাকা দরে মোট ২৬ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

এই বিষয়ে জানতে চাইলে আশ্রাফ মাঝি বলেন, “প্রতিদিনের মতোই সকালে নদীতে জাল ফেলেছিলাম। হঠাৎ জাল তুলতেই দেখি বিশাল একটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে দড়ি দিয়ে বেঁধে মাছটি ট্রলারে করে তীরে নিয়ে আসি। এমন মাছ জীবনে প্রথম ধরেছি।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ বলেন, নদী ও সাগরে নানা প্রজাতির মাছ পাওয়া যায়। তবে এত বড় কোরাল মাছ সবসময় ধরা পড়ে না। সরকারের সফল মাছ ধরার কার্যক্রম বাস্তবায়নের কারণে জেলেদের জালে এখন মূল্যবান মাছ ধরা পড়ছে।

স্থানীয়দের মতে, এ ধরনের মাছ ধরা পড়া একটি বিরল ঘটনা। মাছটি ঘাটে আনার পর উৎসুক মানুষ সেটি একনজর দেখতে ভিড় জমায়।

আরও পড়ুন