
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ায় টানা বৃষ্টিতে অব্যাহত বৃষ্টিপাতে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। বুধবার দিবাগতরাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণ
শুক্রবার বিকাল পর্যন্ত একটানা চলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। বৃষ্টির কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় অনেক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। গতকাল গ্রামীণ ব্যাংকের প্রবেশনারি অফিসার পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারেনি অনেক ছাত্রছাত্রী। আগামীকাল অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তবে সেখানে যোগ দিতে পারবে কি না-তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরীক্ষার্থীরা।
স্থানীয়রা জানান, বৃষ্টির কারণে অধিকাংশ কাঁচা ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যত অচল হয়ে পড়েছে। নোংরা পানি ঢুকে পড়েছে অনেকের বসতঘরে। এতে করে বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকিও।
হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ, নলচিরা, সুখচর, চরকিং, বুড়িরচর ও হরণী ইউনিয়নের বেশ কিছু এলাকা ইতোমধ্যে জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে। এসব এলাকার ছোট ছোট খাল ও পুকুর পূর্ণ হয়ে পানি উপচে পড়ছে।
স্থানীয় বাসিন্দা নলচিরা ঘাট এলাকার ইউছুফ বলেন, “গত তিনদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। ঘরেও পানি ঢুকেছে। রান্না করা, চলাফেরা করা-কিছুই স্বাভাবিকভাবে করা যাচ্ছে না। ছোট ছোট বাচ্চাদের নিয়েও চিন্তায় আছি।
অন্যদিকে, বৃষ্টির কারণে নৌযান চলাচলেও বিঘ্ন ঘটেছে। হাতিয়া থেকে নোয়াখালী মূল ভূখণ্ডে চলাচলকারী লঞ্চ ও ট্রলারগুলো বন্ধ হয়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থাও অচল হয়ে গেছে। ফলে জেলার সঙ্গে দ্বীপের যোগাযোগ একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম বলেন, “টানা বৃষ্টির কারণে কিছু নিচু এলাকা জলাবদ্ধতায় ভুগছে। আমরা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি। যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হবে এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হবে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ডায়রিয়া, চর্মরোগ ও পানিবাহিত অন্যান্য রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে এবং ওষুধ মজুদে রাখা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :