প্রকাশিত: ৩১ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩১ মে, ২০২৫

কোম্পানীগঞ্জে শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী বিএনপি : বজলুল করিম চৌধুরী

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : গত ১০ মাসে কোম্পানীগঞ্জে বিএনপির কোনো নেতাকর্মী লুটপাট বা নির্যাতনের সঙ্গে জড়িত হয়নি বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ।

শুক্রবার (৩০ মে) বিকেলে কোম্পানীগঞ্জ পৌর অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌর বিএনপির যৌথ আয়োজনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বর্তমান দুঃশাসনের সময়েও আমরা রাজনৈতিক শিষ্টাচার মেনে চলছি। বিএনপি কখনোই বিশৃঙ্খলা চায় না-এ কথা জনগণ দেখছে। আমাদের নেতাকর্মীরা মাঠে থাকলেও কোনো সহিংসতায় জড়ায়নি, লুটপাট করেনি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার এবং সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য আবদুল মতিন লিটন।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম-আহ্বায়ক এ.বি.এম জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন ও বসুরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন