
উপজেলা উপজেলা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলা পরিণত হয় উৎসবমুখর এক পরিবেশে।
অনুষ্ঠানে ঢাকার বাড্ডা কলেজের সহকারী অধ্যাপক ও প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী জিয়া উদ্দিন বাবলুকে সভাপতি এবং নোয়াখালী জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. আবদুর রহিমকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নুরুস সালাম জিহাদি, সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন নুর্মিন, সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন স্বপন, কোষাধ্যক্ষ আলী আকবর সুমন, কলেজ বিষয়ক সম্পাদক কামরুল হাসান রুবেল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রহমত উল্যাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী লিটন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নুর উদ্দিন নুর্মিন।
এ সময় উপস্থিত ছিলেন হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাদী ভূঁইয়া বাবু, ব্র্যাক ইউনিভার্সিটির প্রভাষক ও গবেষক মো. সিরাজুল ইসলাম, হাজারীহাট আলিম মাদ্রাসা এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা আইয়ুব আলী হায়দার, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহকারী প্রধান শিক্ষক প্রবীর মজুমদার, সিনিয়র শিক্ষক আবদুল আউয়াল মিটু, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী আরিফুল ইসলামসহ বহু প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে এবং প্রতিষ্ঠান ও সমাজের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখা যাবে।
আপনার মতামত লিখুন :