প্রকাশিত: ১০ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ১০ জুন, ২০২৫

কবিরহাটে সেবার আলো ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন

উপজেলা প্রতিনিধি, কবিরহাট : কবিরহাট উপজেলার বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশনের ১ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

সোমবার (৯ জুন) বিকাল ৩টা থেকে কবিরহাট সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেবার আলো ফাউন্ডেশনের সভাপতি ইমরান নাজির এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কবিরহাট থানার অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামাতের আমির ফখরুল ইসলাম মিলন,উপজেলা জামাতের সহ-সেক্রেটারি মেসবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো: ইমরান, সেবার আলো ফাউন্ডেশনের উপদেষ্টা বেলায়েত হোসেন মিলন, সফি উল্ল্যা বাচ্চু, আব্দুর রবসহ সেবার আলো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী পরিচালনা পরিষদের সদস্যসহ সামাজিক, রাজনৈতিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

মানবিক কাজে বর্ষ সেরাদের সম্মাননা, সার্টিফিকেট প্রদান এবং ৪২টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়।

মানব সেবায় নিয়োজিত মন আত্মতৃপ্তি সারাক্ষণ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির সদস্যরা তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছাশক্তির জোরে নিজেদের লেখাপড়া কিংবা কর্মের পাশাপাশি স্বেচ্ছায় সমাজের নানা জনহিতকর কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন শিক্ষার উপকরণ বিতরণ, ঈদে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো, সর্বোচ্চ সহযোগিতা করা। ডায়াবেটিস পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদান, মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ, পাঠাগারে বই বিতরণ, রোজাদারদের মাঝে ইফতার, বৃক্ষরোপণ কর্মসূচি, গাছের চারা বিতরণ, বিভিন্ন আয়োজনসহ জাতীয় দিবসগুলোতে নানা কর্মসূচি পালন করে সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আলোচনা সভায় বক্তারা সংগঠনটির ভূয়সী প্রশংসা করে বলেন, সেবার আলো ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গত ১বছর ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে; এটি কম কথা নয়। স্বেচ্ছাসেবী সংগঠন মানেই নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো। এখানে যারা কাজ করে, তারা স্বেচ্ছায় সময় ও অর্থ ব্যয় করে। নিঃস্বার্থভাবে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। এলাকার জনগণকে তারা ভালো রাখতে চায়। সত্যিকারের সেবক এরাই, যারা নিজের শ্রম, ঘাম ও অর্থ দিয়ে কবিরহাট উপজেলাকে গড়তে চায়।

আরও পড়ুন