প্রকাশিত: ১৪ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৪ জুন, ২০২৫

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় আলোচনা সভা ও র‍্যালি

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় ইসলামি মার্কেট সংলগ্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত সভায় মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা তুলে ধরেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভায় অংশগ্রহণ করেন স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদক, সমাজ কমিটির নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র এবং রাজনৈতিক নেতারা।

বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও জাতির জন্য অভিশাপ। এটি শুধু একজন মানুষ নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। বক্তারা তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনের সক্রিয় ভূমিকার উপরও গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চরহাজারীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা “মাদককে না বলুন”, “মাদকমুক্ত সমাজ চাই”, “তরুণদের বাঁচান” প্রভৃতি শ্লোগান দেন। পরে র‍্যালিটি আবার সভাস্থলে এসে শেষ হয়।
স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রত্যাশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন