
সাব্বির ইবনে ছিদ্দিক হাতিয়া : হাতিয়ায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে নারীসহ চারজনকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ৫টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, চেতনানাশক ওষুধ ও বিপুল পরিমাণ স্বর্ণ ও রূপার অলংকার।
মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড হাতিয়া স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশীদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দস্যু শামীম বাহিনীর দুই সদস্য সোহেল (২৩), সুমন উদ্দিন (৩৫) ও নারী সহযোগী পারুল বেগম (৩২) কে আটক করা হয়। এসময় উদ্ধার হয় ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, দুই বোতল চেতনানাশক ওষুধ, ২ ভরি ১২ আনা স্বর্ণ ও ১০ ভরি ১৩ আনা রূপার গহনা।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাদিয়া ইউনিয়নের মাইজদী বাজারের প্রিয়া জুয়েলার্সে অভিযান চালিয়ে ডাকাতির ২০ ভরি ৪ রতি ৮ পয়েন্ট স্বর্ণ উদ্ধার করা হয়। চোরাই স্বর্ণ মজুদ ও ব্যবসার অভিযোগে জুয়েলার্সের মালিক উজ্জ্বল বণিক (৪২)-কেও আটক করা হয়েছে।
হাতিয়া কোস্টগার্ড জানান, আটককৃতরা হাতিয়ার বুড়িরচর ও ওছখালী এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
হাতিয়া কোস্টগার্ড স্টেশন লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ জানায়,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আপনার মতামত লিখুন :