
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার ও স্থানীয় যুবলীগ নেতা আলতাফ হোসেন আজাদের বিরুদ্ধে জমি জবরদখল ও হামলার অভিযোগে মামলা ও গ্রেফতারের পর মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বিএনপি পরিবার।
শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার একটি বেসরকারি নার্সিং হোমের কনফারেন্স হলে গুরুতর আহত অবস্থায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগী ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে আহত আব্দুল হাই অভিযোগ করে বলেন, “আমার প্রতিবেশী, আমেরিকাপ্রবাসী মহি উদ্দিনের জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালান আজাদ। সমাজের একজন প্রতিনিধি হিসেবে আমি বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে তার পরিবারের সদস্যদের নিয়ে আমাদের উপর অতর্কিতে হামলা চালান। স্থানীয়রা আজাদকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এরপর তার পরিবার আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে জনমত বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।”
এ বিষয়ে মামলার বাদী ও সাবেক ইউপি সদস্য মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, “মামলার ১ নম্বর আসামি কারাগারে থাকলেও অন্যান্য আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের বিরুদ্ধে উল্টো মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। এমনকি তারা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে প্রাণনাশের চেষ্টা করছে।” তিনি দ্রুত সব আসামিদের গ্রেফতারের দাবি জানান।
আপনার মতামত লিখুন :