
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : জেলার সুবর্ণচর উপজেলায় অবস্থিত নার্সারিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে এবং ক্ষতিগ্রস্ত নার্সারি মালিকদের ক্ষতি পূরণ হিসাবে নগদ অর্থের চেক বিতরণ করে।
২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৯ জুলাই (বুধবার) সুবর্ণচর উপজেলার আটটি নার্সারিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় নার্সারিতে বপনকৃত আকাশমনি ও ইউক্যালিপটাস চারা গাছ কেটে ধ্বংস করা হয় এবং ০৮টি নার্সারীকে প্রতিটি চারা গাছ বাবদ ৪টাকা করে মোট ২লক্ষ ৫শত টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চারা কেটে ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন।
এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন,”দেশে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচিত হওয়ায় সরকার এই গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে। এই গাছগুলো মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে যা মাটির আর্দ্রতা কমিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে।
তাই পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।এমন সিদ্ধান্ত দেশের মাঠপর্যায়ে বাস্তবায়নে সারা দেশেই নার্সারিগুলোতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস কার্যক্রম শুরু করেছে কৃষি বিভাগ। তারই ধারাবাহিতায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চারা উৎপাদনকারী নার্সারিতে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এবার সুবর্ণচরের মোট ১৬টি নার্সারিতে প্রায় ৭৮হাজার আকাশমণি গাছের ছারা উৎপাদন করা হয়েছে। এই ছারা গুলো ধ্বংস করে নার্সারি মালিকদের মোট ৩লক্ষ ১৪হাজার টাকার ক্ষতিপূরণ প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।এসময় অভিযান পরিচালনায় সহায়তা করেন চর জববর থানা পুলিশ।
আপনার মতামত লিখুন :