
মোহাম্মদ হানিফ নিজস্ব প্রতিনিধি : গত কয়েক সপ্তাহ ধরে নোয়াখালীর বিভিন্ন বাজারে, বিশেষ করে চৌমুহনী, মাইজদী, পৌর মার্কেট, নোয়াখালীর সকল উপজেলায় গ্রামগঞ্জের বাজারগুলোতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। টানা বর্ষণ এবং সবজির সরবরাহ কমে যাওয়াকে এই মূল্যস্ফীতির প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন বিক্রেতারা। এর মধ্যে কাঁচা মরিচের দাম আকাশ ছুঁয়েছে, যা সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
শুক্রবার (১৮ জুলাই, ২০২৫) চৌমুহনী পাইকারি বাজারসহ অন্যান্য উপজেলা ও গ্রামীণ বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দামই চড়া। বর্তমানে প্রতি কেজি বেগুন ৬০ থেকে ৮০ টাকা, ধন্দুল, চিচিঙ্গা ও ঝিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, এবং করলা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যান্য সবজির দামও কম নয়। শসা প্রতি কেজি ৮০ টাকা, পটল ৫০-৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, জালি প্রতি পিস ৫০ টাকা, লাউ প্রতি পিস ৬০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে কাঁচা মরিচের দামে, যা বর্তমানে প্রতি কেজি ২৪০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির পাশাপাশি মুরগির বাজারেও দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। চৌমুহনী বাজার ও মাইজদী পৌর মার্কেটে গতকাল (বৃহস্পতিবার) প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকায় এবং সোনালি মুরগি ৩০০-৩১০ টাকায় বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগেও ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা এবং সোনালি মুরগি ২৯০-৩০০ টাকায় বিক্রি হয়েছিল। সে হিসাবে, সপ্তাহের ব্যবধানে মুরগির দাম ১০-২০ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে, স্বস্তির খবর হলো, ফার্মের মুরগির ডিমের দাম স্থিতিশীল রয়েছে, প্রতি ডজন ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে, যদিও গ্রামের বাজার গুলোতে এই দাম ৫-১০ টাকা বেশি।
মূল্যস্ফীতির আবর্তে সাধারণ জনজীবন
মাইজদী পৌর মার্কেটে সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা ইব্রাহিম খলিল তার হতাশা ব্যক্ত করে বলেন, গত কয়েকদিন নোয়াখালী পৌর মার্কেটে পানি ছিল। এখন বাজার করতে এসে দেখি সবজি থেকে শুরু করে সবকিছুর দাম বাড়তি। আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, আমার একটা সীমাবদ্ধতা আছে। এভাবে বাড়তে থাকলে আমি কীভাবে চলব? আসলে সাধারণ ক্রেতাদের স্বার্থে নিয়মিত বাজার মনিটরিং করা উচিত, কিন্তু এই উদ্যোগ কখনোই নিতে দেখা যায়নি। ফলে বিক্রেতারা যেমন ইচ্ছা তেমন দাম আদায় করছে সাধারণের কাছ থেকে। আজ এক পোয়া কাঁচা মরিচ কিনলাম ৯০ টাকায়!
বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন তাদের দুর্দশার কথা জানিয়ে বলেন, আমরা বেশ কিছুদিন ধরে এই মার্কেটে পানি ওঠার কারণে ব্যবসা করতে পারিনি। আজ দুই-এক দিন হলো মাল কিনতে দাম বাড়তি। বেশি দামে কিনলে তো বেশি দামে বিক্রি করতে হয়। গত কয়েক সপ্তাহ ধরে সবজির দাম কিছুটা বাড়তি যাচ্ছে। এর মূল কারণ, বেশ কিছু সবজির ইতোমধ্যে মৌসুম শেষ হয়েছে, এ কারণে বাজারে সরবরাহ কম। এর সঙ্গে কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি নোয়াখালীতে তুলনামূলক কম আসছে। সরবরাহ কম থাকার কারণে পাইকারি ও খুচরা বাজারে সবজির দাম বাড়তি যাচ্ছে।
চৌমুহনীর গোলাবাড়িয়ার কাঁচা মরিচ বিক্রেতা রাশিদুল ইসলাম সরাসরি বৃষ্টির প্রভাব উল্লেখ করে বলেন, বৃষ্টি হলে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পায়। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কাঁচা মরিচের দাম বেড়েছে। বৃষ্টির কারণে আবার প্রভাব পড়েছে। আজকে নোয়াখালীতে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৩২০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতাদের দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক চাপ সৃষ্টি করছে। জীবনযাত্রার ব্যয় নির্বাহে হিমশিম খাচ্ছেন তারা। এ অবস্থায়, সাধারণ মানুষ দ্রুত বাজার পরিস্থিতি স্থিতিশীল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়মিত বাজার মনিটরিং ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :