প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ জুলাই, ২০২৫

কোম্পানীগঞ্জে গৃহবধূ পপিকে হত্যা : স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ  : কোম্পানীগঞ্জ উপজেলায় শায়েদা আক্তার পপি (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নিহতের মা খাইরুন নাহার।
সোমবার (২৮ জুলাই) জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২নং আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট ইমাম হোসেন কাওছার।
মামলার অভিযোগে বলা হয়, ২৩ জুলাই (বুধবার) ভোরে মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শহিদ উল্যাহর বাড়িতে শায়েদা আক্তার পপিকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে অভিযুক্তরা মরদেহ বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়।
মামলার আসামিরা হলেন পপির স্বামী মো. সফি উল্যাহ শিপন, শ্বশুর শহিদ উল্যাহ, শাশুড়ি রওশন আরা বেগম, দুই ননদ আদরী বেগম ও সুন্দরী বেগম, স্বামীর সহযোগী আজাদ এবং প্রতিবেশী মন্নান মাঝি।
নিহত পপি মুছাপুর ইউনিয়নের মক্কানগর এলাকার শামসুদ্দিন মিয়ার মেয়ে। প্রায় ১০ বছর আগে শিপনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের মা জানান, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য শিপন ও তার পরিবারের সদস্যরা পপিকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
তিনি বলেন, “সালিশে অনেকবার বসা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত ওরা আমার মেয়েকে মেরে ফেলল।”
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফয়জুল আজিম বলেন, “পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন