প্রকাশিত: 11 August, 2025
সর্বশেষ আপডেট : 11 August, 2025

কোম্পানীগঞ্জে সন্ত্রাসী হামলায় ইউপি সদস্য গুরুতর আহত

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ  : কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য জামাল উদ্দিন মেম্বার সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। শনিবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার উপর হামলা চালায়।
স্থানীয় সূত্র জানায়, হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে জামাল উদ্দিন মেম্বারের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠান।

হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা বিরাজ করে। স্থানীয়দের ধারণা, এ ঘটনার পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক ও অভ্যন্তরীণ বিরোধ জড়িত থাকতে পারে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, “হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

আরও পড়ুন