প্রকাশিত: 17 August, 2025
সর্বশেষ আপডেট : 17 August, 2025

বেগমগঞ্জে অবৈধ পলিথিন কারখানায় অভিযান : সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : বেগমগঞ্জে অবৈধ পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ১৪ হাজার ১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।
গতকাল রোববার (১৭ আগস্ট) দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী হকার্স মার্কেটের বাবলু প্যাকেজিংয়ের গোডাউন এবং ব্যাংক রোডের রিপন প্যাকেজিং শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানায় এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী রিপন প্যাকেজিংকে ছয় লক্ষ টাকা এবং বাবলু প্যাকেজিংয়ের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার এই অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এছাড়াও, অভিযানে রিপন প্যাকেজিং থেকে ২০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল এবং বাবলু প্যাকেজিংয়ের গোডাউন থেকে ১৩ হাজার ৯৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান এই অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁর সাথে ছিলেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু এবং পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার।

আরও পড়ুন