
হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : সুবর্ণচর উপজেলার পশ্চিম চরবাটার বাসিন্দা মরনীবালা জলদাস। জীবনের পঞ্চাশটি বছর পার করেছেন মাছ বিক্রি করে। প্রতিদিন ভোরে চরবাটা খাসেরহাট বাজারে বসেন তিনি, মাথায় মাছের ঝুড়ি নিয়ে। তার জীবনটাই যেন এক বাস্তব যুদ্ধের গল্প।
তার স্বামী বহু আগেই মারা গেছেন। একমাত্র সন্তান প্রতিবন্ধী। সংসারের সব দায়ভার এখন তার কাঁধে। এক সময় শক্ত হাতে মাছ বিক্রি করলেও এখন বয়সের ভারে, শরীরের দুর্বলতায় কাজ করতে হিমশিম খাচ্ছেন তিনি। তবুও সংসার চালাতে বাধ্য হয়ে প্রতিদিন বাজারে আসেন।
এলাকাবাসীরা জানিয়েছেন, মরনীবালার প্রতি তাদের ভালোবাসা সীমাহীন। অসুস্থ হলে তারা চাঁদা তুলে তার চিকিৎসা করান, নিয়মিত তার কাছ থেকেই মাছ কিনে তাকে সহায়তা করেন।
কিন্তু এতো বছরের পরিশ্রম ও সংগ্রামের পরও এখন পর্যন্ত তিনি সরকারি কোনো সহায়তা পাননি। নেই কোনো বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী সন্তানের জন্য ভাতা।
মরনীবালার মতো একজন পরিশ্রমী নারী যেন তার শেষ জীবনে একটু স্বস্তি ও নিরাপত্তা পায়-এটাই এখন তার এবং এলাকার মানুষের একমাত্র চাওয়া। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :